বাঙালির জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হল ৯ ডিসেম্বর কলকাতায়
বাঙালির জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হল ৯ ডিসেম্বর কলকাতায়
December 9 was celebrated as Bengali Teacher's Day in West Bengal with due dignity, the arrival and passing away day of Rokeya Sakhawat Hussain, who lit the lamp of women's education in Bengal.
৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদায় বাঙালির শিক্ষক দিবস হিসাবে পালিত হল বাংলায় নারী শিক্ষার দীপ জ্বালানো মহীয়সী রোকেয়া সাখাওয়াত হোসেনের আগমন ও তিরোধান দিবস।
এদিন কলকাতার কফি হাউসের বইচিত্র সভাঘরে ভূমিপুত্র উন্নয়ন মোর্চা বা ভূমি-র উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মহীয়সী রোকেয়া স্মরণিকা প্রকাশ ও রোকেয়া সম্মাননা প্রদান করা হয়। বাঙালি নবজাগরণের পৃথিকৃৎ রোকেয়া নামাঙ্কিত রোকেয়া স্মারক সম্মাননায় ভূষিত করা হয় বর্ষীয়ান শিক্ষাবিদ মুন্সী আবুল কাশেম, অধ্যাপক সুরঞ্জন মিদ্দ্যে ও প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা খাতুনকে।
অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম শিক্ষক রুহুল আমিন জানান, "বাংলার বুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,রাজা রামমোহন রায়, ডিরোজিও, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু,আশুতোষ বন্দ্যোপাধ্যায় এর মত মহান শিক্ষক ও সমাজ সংস্কারকের জন্ম। রোকেয়া এই ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ও ব্যতিক্রমী বলা যেতে পারে। তাঁর জীবন দর্শন চিন্তা চেতনা একদিকে আমাদেরকে যেমন বিমোহিত করে সাথে সাথে তার শিক্ষা ভাবনা ও লড়াকু মানসিকতা আমাদের অনুপ্রেরণা যোগায়"। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির অন্যতম তথা সর্বশ্রেষ্ঠ মহিলা বাঙালি হিসাবে স্বীকৃত বাঙালি জাগরণের অগ্রদূত এই মহীয়সীকে সম্মান জানিয়ে ৯ ডিসেম্বর তারিখটি বাঙালির শিক্ষক দিবস হিসাবে সর্বত্র পালন করার জন্য তিনি রাজ্যবাসীকে আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত এ যুগের অন্যতম বলিষ্ঠ সাহিত্যিক ইসমাইল দরবেশ জোর দিয়ে বলেছেন, "বেগম রোকেয়া আজও প্রাসঙ্গিক। আজও তাঁর বৈপ্লবিক চেতনার উন্মেষ প্রয়োজন।" উপস্থিত প্রাক্তন সাংসদ তথা পুবের কলম সম্পাদক আহমেদ হাসান বলেন, "রোকেয়ার সমাজ বিপ্লব থেকে অনুপ্রেরণা নিতে হবে।" সৌমিত্র দস্তিদার, একরামুল হক সেখ,দীপক সাহা, নূর মোহাম্মদ, গৌতম মণ্ডল, গিয়াসউদ্দিন দালাল সহ বাংলার চিন্তা ও সাহিত্য জগতের একঝাঁক জ্যোতিষ্ক উপস্থিত থেকে এদিনের অনুষ্ঠানে আলোচনা করেন বাংলার শিক্ষা ও চেতনার জগতে মহীয়সী রোকেয়ার অবদান ও প্রাসঙ্গিকতা নিয়ে।
Comments
Post a Comment